হরমুজের পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ জারির হুমকি দিয়েছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।
আইআরজিসির এক উচ্চপদস্থ সেনাকমান্ডার ফার্স নিউজকে বলেছেন, শত্রুপক্ষ যদি ইরানের দ্বীপপুঞ্জ বা ভূখণ্ডে স্থল অভিযানের পরিকল্পনা নেয় অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে তৎপরতা বৃদ্ধি করে, তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।
ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালে নৌযানের চলাচল নিয়ন্ত্রণ করে। জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যে এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যের তেলের ১২ শতাংশ এখান দিয়ে পরিবহন করা হয়।
বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ জারির সক্ষমতা ইরানের আছে, কারণ ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা। আইআরজিসির কর্মকর্তা জানিয়েছেন, হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে এবং তারা ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।